ডিপ্লোমা কোর্সে অন্তর্ভুক্ত হবে উইয়ের মাস্টারক্লাস

২৬ জুন, ২০২১ ১৯:৪২  
নারী উদ্যোক্তাদের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম’ (উই)-এর দ্বাদশ মাস্টারক্লাসের মাধ্যমে সিজন-১ শেষ হলো শনিবার। সমাপনীতে উই-এর পক্ষ থেকে মাস্টারক্লাসকে ডিপ্লোমা কোর্সে অন্তর্ভুক্ত করা আহ্বান জানানো হয়। এ আহ্বানে সারা দিয়েছেন শিক্ষামন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রী। তারা জানিয়েছেন মাস্টারক্লাসকে ডিপ্লোমা কোর্সে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করা হবে। গত বছর জুলাইয়ে শুরু হয় এই ক্লাস, দ্বাদশ ক্লাসের মাধ্যমে শনিবার (২৬ জুন) শেষ হয় নারী উদ্যোক্তাদের মাস্টারক্লাস। মাস্টারক্লাসে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দেশে ই-কমার্সের বিশাল বাজার রয়েছে, বাজারে ধরতে হলে নারীদের ট্রেনিং দিয়ে অভিজ্ঞ করার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে নারীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, উই এর পক্ষ থেকে তার কাছে আহ্বান জানানো হয়েছে মাস্টারক্লাসকে ডিপ্লোমা কোর্সে অন্তর্ভুক্ত করার। তিনি আশা করেন এ বিষয় নিয়ে কাজ করতে পারবেন তিনি। ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে ৬ মাসের সার্টিফিকেট কোর্স এবং ১২ মাসের ডিপ্লোমা কোর্স ডিজাইন করেছে আইসিটি বিভাগ। সেখানে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে মাস্টারক্লাসকে কারিকুলামে অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের অফিস স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। উই সভাপতি নাসিমা আক্তার নিশোর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে দেশের প্রায় প্রতিটি জেলা থেকে ক্ষুদ্র নারী উদ্যোক্তারা অংশ নেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দারাইস্বামী, সিল্ক গ্লোবাল লিমিটেডের চেয়ারম্যান ও সিইও সৌম্য বসু এবং উই এর অ্যাডভাইজর জাহানুর কবির সাকিব। আয়োজনটির পার্টনার ছিল আইসিটি ডিভিশন ও এলআইসিটি।